করোনায় চরম আর্থিক অনটনে সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি - The News Lion

করোনায় চরম আর্থিক অনটনে সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি

 


দি নিউজ লায়ন;   করোনায় চরম আর্থিক অনটনে সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি। ঘটনাটি সোদপুরের বসাক বাগানের।  মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। করোনার জেরে গত বছরে একটানা লকডাউনে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন সোদপুরের বসাক বাগানের বাসিন্দা সমীর গুহ। পরে লকডাউন উঠলেও ব্যবসায়  মন্দা কাটেনি। 


এবছর করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়তেই ফের রাজ্যে কড়াকড়ি।  বাজার থেকে ব্যবসার টাকাই ঘরে তুলতে পারছিলেন না সমীরবাবু। টাকা না থাকায় সংসারের খরচও জোগাতে পারছিলেন না তিনি। টাকার জোগাড়ে হন্যে হয়ে ঘুরলেও লাভ হয়নি। পরিচিতদের অনেকেরই একই দশা। টাকার অভাবে একদিকে যেমন ব্যবসা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল তেমনি সংসারের খরচ চালাতেও পারছিলেন না।  


এমনকি বেশ কিছু দিন ধরে দুবেলা দুমুঠো ভাতের জন্যও ভাবতে হচ্ছিল তাঁকে। এই পরিস্থিতিতে কীভাবে সংসার চালাবেন তা ভেবেই উঠতে পারছিলেন না গুহ দম্পতি।  শুক্রবার সকালে গুহ বাড়ি থেকে দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন থানায়। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে সমীর গুহ ও তাঁর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেন। দম্পতির ছেলেরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সন্তানকে খুনের পর দম্পতি আত্মঘাতী হয়েছেন। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও ঘটনা আছে কিনা সে ব্যপারে তদন্ত করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.